নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে আব্দুল মাবুদ নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই চীনা পর্যটককে অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ
টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে এক চীনা পর্যটক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন। এ সময় আব্দুল মাবুদ তার অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেন এবং বিভিন্ন মন্তব্য করে বিব্রত করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এক পর্যায়ে আব্দুল মাবুদকে বলতে শোনা যায়, 'গালাও তো, হারামজাদা...হেতে কিছু বুঝে না। আমরা যে বাঙালি, বাংলা ভাষা কঠিনের কঠিন। কিছু বুঝে না।' চীনা তরুণকে লক্ষ্য করে তিনি আরও বলেন, 'বিয়ে শাদি করেননি? বাচ্চা কয়টা?...ওমা খালি হাসে।'
ভিডিও ভাইরাল ও প্রতিক্রিয়া
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। পাহাড়পুর টুরিস্ট পুলিশ জানিয়েছে, ভিডিওটি ভাইরালের পর তাৎক্ষণিকভাবে ওই টিকটকারকে আটক করা হয়।
গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা
পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তার নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুদ হিরোকে আটক করা হয়। পাহাড়পুর টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, 'বিষয়টি নজরে আসার পর টুরিস্ট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বদলগাছী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।' নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এখানে আগত বিদেশি পর্যটকদের সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'



