লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসায় 'চাকরি করব না' বলায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দোকান মালিক কবির হোসেন সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে নিজেই বিষয়টি স্বীকার করেছেন।
আহতের অবস্থা ও পরিচয়
আহত সোহাগ বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। সোমবার বেলা ১১টার দিকে দোকান মালিক কবির তাকে পিটিয়ে আহত করেন।
ঘটনার বিবরণ
সোহাগ বলেন, 'সমস্যা থাকায় দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উলটাপালটা কথা বলেন। পরে আমি চাকরি করব না বলি। এ সময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। আমার হাত-পায়ের গিরায় গিরায় মারাত্মক আঘাত করেছেন তারা।'
কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, 'আমি কখনো সোহাগকে মারি নাই। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে। আমি এর বিচার চাই।'
দোকান মালিকের বক্তব্য
দোকান মালিক কবির হোসেন বলেন, 'সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসেন। আজও তিনি দেরিতে এসেছেন। কারণ জানতে চাইলে, তিনি চাকরি করবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরেছি। তবে ভুল করেছি।'
পুলিশের অবস্থান
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, 'ঘটনাটি জানা নেই। কেউ আমাদের জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'



