যশোরে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও, প্রতিমন্ত্রীর নামে অপপ্রচার
যশোরে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও, প্রতিমন্ত্রীর নামে অপপ্রচার

যশোরে প্রথমসারির ১০-১২ জন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে অপপ্রচারে নেমেছে একটি দুর্বৃত্ত চক্র। ভুয়া আইডি খুলে অপপ্রচারে নামা ওই চক্রটি কয়েক দিন ধরে এই অপপ্রচারের পর এখন যশোরের প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও বিতর্কিত তথ্য উপস্থাপন করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার

জানা গেছে, সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারে নামে একটি দুর্বৃত্ত চক্র। চক্রটি যশোরে প্রথমসারির ১০-১২ জন পেশাদার সংবাদকর্মীর নাম ও ছবি ব্যবহার করে কয়েকটি ভিডিও তৈরি করে। কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিওগুলো তৈরি করে তা ওই পেজে উপস্থাপন করা হয়েছে।

ব্ল্যাকমেইলার চক্রের অভিযোগ

অভিযোগ রয়েছে, যশোরের চিহ্নিত একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিও তৈরি ও অপপ্রচারে নেমেছে। বুধবার বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে অভিযোগ করেন সাংবাদিকরা। প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করলে দুর্বৃত্ত চক্রটি তাদের গুটিয়ে নেয়। ফেসবুক পেজের ভিডিওগুলো এখন তারা ‘হাইড’ করে রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রীর নামে নতুন অপপ্রচার

তবে এখন পেজে যশোরের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি দিয়ে একটি নোটিশ তৈরি করেছে। নোটিশে লেখা হয়েছে- ‘সবার জন্য সুখবর প্রিয় যশোরবাসী, আপনাদের এমপি ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে আপাতত আপনাদের পোস্টগুলোর দৃশ্যমানতা সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। ধন্যবাদ। তবে আমি আপনাদের সঙ্গেই আছি। মাননীয় প্রতিমন্ত্রীর সম্মানের খাতিরে আমি তাদের একটি সুযোগ দিয়েছি।’

এদিকে কুরুচিপূর্ণ ভিডিও সরিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে নতুন অপপ্রচার চালানোয় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেস ক্লাব সভাপতির প্রতিক্রিয়া

এ বিষয়ে যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, কয়েক দিন ধরে যশোরের পেশাদার সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে কিছু দুর্বৃত্ত চক্র। ফেক আইডি খুলে এসব অপপ্রচারের সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন; তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পুলিশ সুপারের বক্তব্য

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক নেতাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। আশা করি জড়িতদের দ্রুতই আটক করতে পারব।