রাজধানীর ডেমরা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন মো. আলামিন ওরফে ‘মোটা আলামিন’ ও মো. রায়হান।
উদ্ধার সামগ্রী
তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাপ, বিদেশি পিস্তল, গুলি, র্যাবের কটি, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
অভিযানের বিবরণ
তিনি জানান, সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির অভিযোগ পায় র্যাব। অভিযোগের ভিত্তিতে ডেমরা থানার আমান মার্কেট এলাকার মেন্দিপুরে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাছাকাছি হাজী সিএনজি পাম্প এলাকা থেকে সহযোগী রায়হানকে আটক করে র্যাব।
গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার
গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, ভুয়া নম্বর প্লেট, র্যাবের ছয়টি কটি, দুটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, ‘পুলিশ’ স্টিকার, লেজার লাইট, পুলিশ বাটন, পকেট ওয়াইফাই রাউটার, সেনাবাহিনীর ৩১টি মাস্ক ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
ডাকাত চক্রের কার্যক্রম
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনও র্যাব, কখনও পুলিশের পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করতেন। অনেক সময় তারা যৌথ বাহিনীর অভিযান চালানোর ভান করে সেনাবাহিনীর মাস্ক ব্যবহার করতেন।
চক্রের নেতৃত্ব ও দায়িত্ব
র্যাব আরও জানায়, আলামিন এই চক্রের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে রায়হান পেশায় চালক এবং ডাকাতির সময় যানবাহন সরবরাহ ও পরিচালনার দায়িত্বে ছিলেন।



