রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে শারমিন আক্তার সেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) বিকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম জানান, কদমতলীর জুরাইন কমিশনার রোডের চতুর্থ তলার পূর্ব পাশের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন ওই নারী। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, রুমটি বাইরে থেকে তালাবদ্ধ। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ফ্লোরের ওপর পচা-গলা অবস্থায় পড়ে ছিল ওই নারীর মরদেহ। তার শরীরের কয়েক স্থানে কাটা জখমও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে হত্যাকারী।
আইনগত প্রক্রিয়া
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে নিহতের স্বামীকে পাওয়া যাচ্ছে না। রুম থেকে একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, যা থেকে জানা যায় শারমিন আনসার সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা শ্যামপুরের পূর্ব ধোলাইপাড়ে থাকেন বলে জানা গেছে। তার বাবার নাম শাহআলম হাওলাদার।
বাড়ির মালিকের বক্তব্য
বাড়ির মালিক আঞ্জু আরা ডলি পুলিশকে জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সাত-আট মাস ধরে ভাড়া থাকতেন। তবে স্বামীর নাম তার মনে নেই।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।



