মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র সদস্য রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটায় বড়লেখা উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিস্তারিত
শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রাহেদ হোসেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেড কোয়ার্টার্স গোয়েন্দা সতর্কতা জারি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’ এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
অভিযানের নেতৃত্ব
মৌলভীবাজার পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। রেড অ্যালার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল বলে জানা যায়।



