কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটানো নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ও অভিযুক্তের পরিচয়
নিহত মো. ফয়সাল (৩০) গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই মো. মোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ। সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
আটক ব্যক্তি ও স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় একটি কারখানায় কাজ করেন মোরশেদের স্ত্রী। বুধবার রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হইহুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। বিষয়টি দেখে তাদের বকা দিতে নিষেধ করেন ছোট ভাই ফয়সাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি বের হয়ে যান।
দুপুর দেড়টার দিকে দুই ভাই বাড়ি ফিরে আবারও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাইকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়।
পুলিশের বক্তব্য
ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত মোরশেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



