নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কায় গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
ছয় জেলায় সেনা মোতায়েন
সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকায় নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোতায়েন
ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের বক্তব্য
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেনাবাহিনীর পাশাপাশি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সোমবার থেকেই মাঠে কাজ করবে।"



