খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন। এসব অভিযানে তিনটি একে-৪৭ রাইফেল, ৩টি ম্যাগাজিন ও ১৫৯টি গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পানছড়ি অভিযানে আত্মসমর্পণ
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বরকলক এলাকায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর থেকে আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ির বরকলক এলাকায় অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। পরে এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন ও ১৩২টি গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।
রামগড় অভিযানে নিহত
এ ছাড়া আজ বুধবার সকাল ১০টার দিকে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানেও একই ধরনের ঘটনা ঘটে। গুলির এক পর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭টি গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযান অব্যাহত থাকবে
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।



