জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার মডেল মিষ্টি সুবাস, কারাগারে প্রেরণ
জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার মডেল মিষ্টি সুবাস

জুলাই আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৮ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে মিষ্টি সুবাসের বক্তব্য

শুনানিতে মিষ্টি সুবাস আদালতকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি অপরাধ? কথা বললেই জামিন আটকে যাচ্ছে। তিনি আরও বলেন, ৫ অগাস্টের আগে দল-দেশ নিয়ে কিছু বলতাম না। ৫ অগাস্টের পর দেখলাম মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে। এরপর থেকে আমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।

গ্রেফতার দেখানোর আবেদন ও শুনানি

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ২৪ জুন মিষ্টি সুবাসকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার। এদিন শুনানিকালে মিষ্টি সুবাসকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ আসামিকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন মিষ্টি সুবাসের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী। তিনি বলেন, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার হন মিষ্টি সুবাস। এরপর তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুই মামলায় জামিন পান তিনি। গত ২৩ জুন জামিননামা হাজতখানায় পাঠানো হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ঘটনার সঙ্গে তিনি জড়িত না। তাকে গ্রেফতার না দেখানোর প্রার্থনা করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার অভিযোগ

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৮ অগাস্ট বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামে এক যুবক। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে একই বছরের ২৫ অগাস্ট আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

কারাগারে প্রেরণ

মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী জানান, আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং তাকে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে মিষ্টি সুবাস বলেন, বারবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমি আর কথা বলবো না। কথা বললে আমাকে বারবার আটকে দিচ্ছে। আমার কি অপরাধ জানি না। কোন অপরাধে বারবার আমাকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার বড় অপরাধ। একের পর এক মামলা দিয়ে আটকে রেখেছে।