কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের নির্মম মারধরে প্রাণ হারালেন আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল আলিম সেনু পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো। শনিবার সকালে টাকা দাবিকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবা আব্দুল আলিম সেনুকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশীর বক্তব্য
নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল। কিছুদিন আগে রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে। সে ওই টাকা দিয়ে মাদক সেবন করতো। সকাল ৯টার দিকে বসতঘরের ভেতরে বাবাকে মারধর করে।
পুলিশের পদক্ষেপ
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। এখনও কেউ মামলা দায়ের করেনি।



