আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ভৈরবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষায় সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রথম আলো ট্রাস্টের আহ্বানে দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় ভৈরব বন্ধুসভা।
মানববন্ধনে অংশগ্রহণ
২৬ জুন বিকেলে ভৈরব উদয়ন স্কুলের সামনে আমলাপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভৈরবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গুণীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, ‘তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক কেবল একটি জীবন বা একটি পরিবারকে ধ্বংস করে না, এটি পুরো সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। দিন দিন মাদকের যে ভয়াবহ থাবা আমরা সমাজে দেখছি, তা রুখতে কেবল আইন নয়, প্রয়োজন তীব্র সামাজিক সচেতনতা। আমরা চাই না, আমাদের ভৈরবের কোনো তরুণ, কোনো শিক্ষার্থী এই অন্ধকারের পথে পা বাড়াক। তাই সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণদের আজ থেকেই মাদককে চিরকাল “না” বলতে হবে।’
মানববন্ধনে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখা, অ্যামবিশন পাবলিক স্কুল, ভৈরব আইডিয়াল স্কুল, ব্লু-বার্ড স্কুল, ভৈরব উদয়ন স্কুল এবং অগ্নিবীণা মডেল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকেরা বন্ধুসভার এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে পড়াশোনার পাশাপাশি বই পড়া, সাংস্কৃতিক ও সুস্থ সামাজিক চর্চায় যুক্ত করা অত্যন্ত জরুরি।’
বক্তব্য ও ধন্যবাদ
বক্তব্য দেন নাট্যসংগঠক সাগর রহমান, প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও সরকারি আদিয়াবাদ ইসলামিয়া কলেজের প্রভাষক ইমরান হোসাইনসহ অন্যরা।
কর্মসূচির শেষে উপস্থিত সব শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনকে মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস, সভাপতি জান্নাতুল মিশুসহ অন্যরা।



