রাষ্ট্রীয় অভ্যর্থনা ও গার্ড অব অনার
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২২ জুন পুত্রজায়ায় পৌঁছালে তাকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দ্বিপক্ষীয় বৈঠক
পেরদানা পুত্রা ভবনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপস্থিত ছিলেন।
যৌথ সংবাদ সম্মেলন
দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর দেন। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়
এর আগে ২১ জুন কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি লায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।



