তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা
তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক সাফল্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সফর শুধু প্রোটোকলের বিষয় নয়; বরং দুই এশীয় রাষ্ট্রের প্রতি বাংলাদেশের আস্থা ও আগ্রহের প্রতিফলন। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব অনুসারে, রাষ্ট্রের শক্তি কেবল সামরিক বা অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে না, বরং তার নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ।

পূর্বমুখী কূটনীতির ধারাবাহিকতা

এই সফরকে বিচ্ছিন্নভাবে না দেখে বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা পূর্বমুখী কূটনীতির ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত। স্বাধীনতার পর জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে বিশ্বের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি পূর্ব এশিয়ায় সরে আসছে। তাই তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বহুমুখী করে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রাখেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সেই ঐতিহাসিক ধারারই নতুন অধ্যায়।

অর্থনৈতিক কূটনীতির নতুন মাত্রা

আন্তর্জাতিক সম্পর্কের Complex Interdependence Theory অনুযায়ী, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর সম্পর্কের ভিত্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানি। এই সফরে বিনিয়োগ, শিল্পায়ন, দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তরের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। চীন এখন বাংলাদেশকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখে। মালয়েশিয়াও বাংলাদেশকে দ্রুত বিকাশমান অর্থনীতি ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৌশলগত সম্পৃক্ততা ও আস্থা

এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক দৃষ্টি। Indo-Pacific অঞ্চল, সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাস এবং জ্বালানি নিরাপত্তার প্রেক্ষাপটে বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীন ও মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের এই সম্পৃক্ততা Strategic Engagement-এর অংশ, যা ভবিষ্যতে অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি

বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপানের মধ্যে প্রতিযোগিতা তীব্র। বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হলো Strategic Hedging, অর্থাৎ সবার সঙ্গে সহযোগিতা বজায় রেখে জাতীয় স্বার্থ নিশ্চিত করা। জিয়াউর রহমানের পূর্বমুখী কূটনীতির বৈশিষ্ট্য ছিল এই ভারসাম্য, যা এখনও প্রাসঙ্গিক।

ভবিষ্যৎ সম্ভাবনা ও বাস্তবায়ন

এই সফরের সাফল্য নির্ভর করবে ঘোষিত উদ্যোগের বাস্তবায়নের ওপর। দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত ধারাবাহিকতা প্রয়োজন। কূটনৈতিক সাফল্যের চূড়ান্ত মূল্যায়ন হবে মাঠপর্যায়ে বিনিয়োগ, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নের মাধ্যমে।

পরিশেষে, এই সফরের সবচেয়ে বড় অর্জন হলো বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থা ও অংশীদারিত্বের সম্ভাবনাকে শক্তিশালী করা। এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রকৌশল, অর্থনৈতিক রূপান্তর ও পূর্বমুখী কূটনৈতিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।