ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে হাজার হাজার মানুষ ইতোমধ্যে সমবেত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, আগামী তিন দিনে কেবল তেহরানেই ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষ খামেনির প্রতি শ্রদ্ধা জানাবেন।
কাচের কফিনে খামেনির মরদেহ প্রদর্শন
খামেনি ও তার নিহত পরিবারের সদস্যদের মরদেহ কাচের আবরণে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তেহরানে প্রদর্শন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কাচের কফিনে রাখা মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে দাফনের ধর্মীয় তাৎপর্য
খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের ৪ জুলাই স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেলেও, ইরানিরা মার্কিন কোনো বিষয় ভাবছেন না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দাফন অনুষ্ঠিত হচ্ছে মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর, যা শিয়াদের তৃতীয় ইমাম হুসাইন আলীর শাহাদাত স্মরণের পর্ব।
‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে বিদায়
খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ইসলামি প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের উদ্দেশে শক্তির প্রদর্শনী হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সমবেত জনতা ‘আমেরিকা ধ্বংস হোক! ইসরায়েল ধ্বংস হোক!’ স্লোগান দেয়।
ট্রাম্পের ‘ছুটি’ মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বলেন, খামেনির দাফনকাজের জন্য ওয়াশিংটন তেহরানকে কিছুটা সময় বা ‘ছুটি’ দিয়েছে।
তৃণমূলে পদত্যাগের ধাক্কা
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার (৪ জুলাই) দেওয়া এই পদত্যাগ দলটির জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলের পর সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব নিয়ে মাত্র এক মাস আগে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।



