দু’বছর পর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, আবেদনকারীদের ভিড়
দু’বছর পর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, আবেদনকারীদের ভিড়

প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে।

ঢাকার ভিসা কেন্দ্রে আবেদনকারীদের ভিড়

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রের বাইরে সকাল থেকেই আবেদনকারীদের ভিড় দেখা গেছে। নরসিংদী সদর থেকে আসা খোকন কুমার সাহা মাকে নিয়ে মেডিক্যাল ভিসার আবেদন করতে এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘১০ দিন আগে আবেদন করেছিলাম। মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব।’ জুলাই গণ-অভ্যুত্থানের আগে সর্বশেষ ভারতে গিয়েছিলেন বলে জানান খোকন। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দ্রুত স্লট পাওয়ার আশা প্রকাশ করেন।

ইউরোপ যেতে ভারত হয়ে যেতে চান অনেকে

নোয়াখালীর বেগমগঞ্জের তরুণ ইমরান হোসেন রোমানিয়ায় যেতে চান। কিন্তু ঢাকায় রোমানিয়ার দূতাবাস না থাকায় সাক্ষাৎকারসহ ভিসাসংক্রান্ত কাজের জন্য তাঁকে ভারতের রোমানিয়ান দূতাবাসে যেতে হয়। তিনি বলেন, ভারতের ভিসা পেলেই তিনি দেশটিতে রোমানিয়ার দূতাবাসে গিয়ে ভিসাসংক্রান্ত কাজ শেষ করতে পারবেন। তিনি আরও বলেন, ‘আগে সহজে ভারতে যাওয়া যেত। ভিসা পেতে অসুবিধা হতো না। মাঝে বন্ধ থাকায় অসুবিধা হয়েছে। এখন আবার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভালো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসার জন্যও ভিসার আবেদন

কুমিল্লার চান্দিনা থেকে ভিসার আবেদন জমা দিতে এসেছেন রাজিয়া সুলতান। স্বামী ওবায়দুল্লাহকে নিয়ে ৩২ বছর বয়সী এই নারী ভারতে যেতে চান চিকিৎসার কাজে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাত দিন আগে মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেছি। আজকে স্লট ছিল। সে জন্য আজকে আবেদনপত্র জমা দিতে এসেছি।’ নড়াইল থেকে ভিসার আবেদনপত্র জমা দিতে আসা বিষ্ণুপদ মজুমদার বলেন, সাত দিন আগে ভিসার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। আজ আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেয়েছেন। পর্যটন ভিসা চালু হওয়ায় তাঁরা খুশি বলে জানান।

ভিসা চালুর ঘোষণা দেন হাইকমিশনার

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলোয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রে এ সেবা চালু করা হতে পারে।