বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২০ জুন (শনিবার) প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি; কুয়ালালামপুরে আটক ১১৮ বাংলাদেশি; গাজার 'বন্যায়' আটকা পড়বে ইসরায়েল: ইরানি কমান্ডার; তেহরানে আরাঘচির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী; যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬; ট্রাম্পের ইরান চুক্তি আগের চেয়েও খারাপ: ওবামা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে শনিবার (২০ জুন) লেবাননে ইসরায়েলের হামলা ইরানের যুদ্ধ অবসানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন যুদ্ধবিরতিকে পরীক্ষার মুখে ফেলতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওস। স্টিভ উইটকফ এবং আব্বাস আরাঘচির নেতৃত্বে এই আলোচনা চলতি সপ্তাহে হওয়া অন্তর্বর্তী ১৪ দফা চুক্তিকে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সমঝোতায় রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এর লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান ঘটানো।
কুয়ালালামপুরে আটক ১১৮ বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার মধ্যরাতের পর পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন বাংলাদেশিরা। হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী।
গাজার 'বন্যায়' আটকা পড়বে ইসরায়েল: ইরানি কমান্ডার
লেবাননের হিজবুল্লাহর পর এবার গাজার যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
তেহরানে আরাঘচির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনার অংশ হিসেবে আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন। বাঘাই বলেন, নাকভির এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা-সংক্রান্ত প্রচেষ্টার অংশ।
যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সর্বশেষ ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলায় নিহত ১৬ জনের মরদেহ এবং আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্রাম্পের ইরান চুক্তি আগের চেয়েও খারাপ: ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তির সমালোচনা করে বলেছেন, যুদ্ধ শুরুর আগের অবস্থায়ই ফিরে গেছে পরিস্থিতি, তবে সেটিও হয়তো আরও খারাপ অবস্থায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক চুক্তির স্বাক্ষরকারী ওবামা এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।



