রোমে বাংলাদেশি দম্পতি ও শিশুকন্যা হত্যা
ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে একই পরিবারের তিন বাংলাদেশি সদস্যকে নিজ বাসায় হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় জোরদার তদন্ত শুরু করেছে ইতালীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রোমের ‘ভিয়া মন্তিলিও’ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাবা, মা ও তাদের ছয় বছর বয়সী কন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ইতালীয় সংবাদ সংস্থা আনসা ও এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি নাগরিক।
হরমুজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা
হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার জেরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলার একদিন পর শুক্রবার (২৬ জুন) এসব হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। ওই হামলার কারণে অঞ্চলটিতে আটকে থাকা হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯২০, জীবিতদের খোঁজে আর্তনাদ
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩,৩৬০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ১৭২ জনেরও বেশি মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার দেশটির উত্তরাঞ্চলে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে দ্বিতীয়টির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রা— যা গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম পোস্টে আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়, “এই আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের জবাব এর চেয়েও ব্যাপক হবে।”
তীব্র গরমে প্যারিসবাসীর হোটেলমুখী হওয়া
ফ্রান্সে চলতি সপ্তাহে রেকর্ডভাঙা তাপপ্রবাহের মধ্যে গরম থেকে বাঁচতে হোটেলমুখী হয়েছেন অনেক মানুষ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও সুইমিংপুলের সুবিধা নিতে শহরের বাসিন্দারা বিভিন্ন হোটেলে উঠছেন। বুধবার প্যারিসে তাপমাত্রা পৌঁছায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা জুন মাসের সর্বোচ্চ রেকর্ড। এর একদিন আগে প্রায় ৮০ বছরের ইতিহাসে দেশের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়। ফ্রান্সে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ রাজধানী প্যারিসের অধিকাংশ ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশন (এসি) ব্যবস্থা নেই। শহরের প্রায় তিন-চতুর্থাংশ ভবনের ছাদ দস্তার পাত দিয়ে তৈরি, যা তাপ দ্রুত শোষণ ও পরিবাহিত করে। ফলে শহর ও শহরের বাইরে বিভিন্ন হোটেলে কক্ষের চাহিদা বেড়ে গেছে।
ইরানের অভিযোগ: মার্কিন হামলা শান্তি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন
ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে হওয়া শান্তি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিযোগ করেছে তেহরান। শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে চালানো এই নৃশংস হামলা যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রকাশ্য লঙ্ঘন।



