জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে রোববার স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সাথে সাক্ষাৎ করেন বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য ড. মো. শফিকুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় তারা বাংলাদেশের জাতীয় নির্বাচন-পরবর্তী সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সম্প্রতি পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর জোর
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও উঠে আসে। জাতীয় বাজেট বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা বিস্তৃত করা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।
ফিলিস্তিন ইস্যুতে সমর্থন
ড. শফিকুর বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, স্পেন বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সমর্থন অব্যাহত রাখবে। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় স্পেন সরকারের অব্যাহত সমর্থনেরও প্রশংসা করেন। রাষ্ট্রদূত চিনচেত্রু আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বাংলাদেশ-স্পেন সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক হবে।



