বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মানবিক ও আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মস্কোতে নিজের স্কুলজীবনের জার্মান ভাষার প্রিয় শিক্ষিকা ভেরা দিমিত্রিয়েভনা গুরেভিচের সঙ্গে দেখা করে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছেন পুতিন। ক্রেমলিন থেকে শেয়ার করা এই ভিডিওতে পুতিনের এক বিরল ‘কোমল’ রূপ ফুটে উঠেছে।
শিক্ষিকার প্রতি পুতিনের সম্মান
সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেড দেখার জন্য নিজের প্রিয় শিক্ষিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। অনুষ্ঠান শেষে তিনি গুরেভিচের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাকে উষ্ণ আলিঙ্গন করেন। ভিডিওতে দেখা গেছে, পুতিন তার সঙ্গে একান্তে দীর্ঘ সময় গল্প করেন এবং পুরোনো স্কুলজীবনের স্মৃতিচারণা করেন। এরপর পুতিন তাকে নৈশভোজে নিয়ে যান।
ক্রেমলিনে নৈশভোজ
সম্মান প্রদর্শনের এখানেই শেষ নয়; নৈশভোজ শেষে পুতিন নিজে গাড়ি চালিয়ে তার শিক্ষিকাকে সরাসরি ক্রেমলিনে নিয়ে আসেন। তৎকালীন লেনিনগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) শৈশবে যে নারী তাকে জার্মান ভাষা শিখিয়েছিলেন, তার প্রতি পুতিনের এমন কৃতজ্ঞতা ও সম্মান দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুতিনের এই ‘আবেগপ্রবণ ও মানবিক’ আচরণের প্রশংসা করছেন।
পুতিনের জার্মান ভাষায় দক্ষতা
১৯৫২ সালে যুদ্ধোত্তর লেনিনগ্রাদে এক কঠিন শৈশব পার করেছেন পুতিন। তিনি জার্মান ভাষায় বেশ সাবলীল। মূলত ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানির ড্রেসডেনে কেজিবির কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় তিনি এই ভাষায় দক্ষতা অর্জন করেন। ২০০১ সালে জার্মান পার্লামেন্টেও (বুন্দেসটাগ) তিনি এই ভাষায় বক্তৃতা দিয়েছিলেন।
পূর্ববর্তী সাক্ষাৎ
উল্লেখ্য, এর আগেও ২০০৫ সালে ইসরায়েল সফরের সময় নিজের উচ্চবিদ্যালয়ের আরেক জার্মান শিক্ষিকা মিনা ইউদিতসকায়া-বার্লিনারের সঙ্গে দেখা করেছিলেন পুতিন। সে সময়ও সেই পুনর্মিলনীর ভিডিও ভাইরাল হয়েছিল।



