তামিলনাড়ুর রাজনীতিতে কৌতূহল জাগিয়ে এক চাঞ্চল্যকর নিয়োগ সম্পন্ন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ব্যক্তিগত উপদেষ্টা ও প্রখ্যাত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বিশেষ কর্মকর্তা (ওএসডি-রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সাল থেকেই বিজয়ের রাজনৈতিক উত্থানের নিখুঁত ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আলোচনায় এসেছিলেন এই জ্যোতিষী।
তামিলনাড়ু সরকারের প্রধান সচিব রীতা হারিশ ঠাক্কার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ‘থিরু রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে যোগদানের তারিখ থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (ওএসডি-রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ সংক্রান্ত শর্তাবলি পরে আলাদাভাবে জানানো হবে।’
এই নিয়োগের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে রাধন পণ্ডিতের প্রভাবশালী ভূমিকার বিষয়টি আবারও সামনে এল। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরে কংগ্রেস ও অন্যান্য ছোট দলগুলোর সমর্থনে সরকার গঠন করেন বিজয়।
কে এই রাধন পণ্ডিত?
বৈদিক জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও ধ্যানভিত্তিক নির্দেশনায় প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলের। তিনি ভারতের অন্যতম হাই-প্রোফাইল সেলিব্রিটি ও রাজনৈতিক জ্যোতিষী হিসেবে পরিচিত। শুরুতে তিনি পণ্ডিত ভেট্রিভেল নামে পরিচিত থাকলেও ২০০৮ সালে দিল্লিতে যাওয়ার পর ‘রাধন পণ্ডিত’ নাম গ্রহণ করেন। তার মক্কেল তালিকায় বিজেপি, কংগ্রেস, ডিএমকে এবং এআইএডিএমকে-র শীর্ষ নেতাদের নাম রয়েছে বলে জানা যায়।
এপ্রিলের নির্বাচনের অনেক আগেই রাধন পণ্ডিত দাবি করেছিলেন, বিজয়ের জন্মকুণ্ডলীতে ‘সুনামির মতো’ রাজনৈতিক শক্তি রয়েছে। যদিও তিনি ১৫০টির বেশি আসন পাওয়ার কথা বলেছিলেন, তবে বিজয় যে মুখ্যমন্ত্রী হবেন, সেই মূল ভবিষ্যদ্বাণী এ মাসে সত্যি হয়েছে। এ ছাড়া তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর মন্দিরগুলোকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা হবে।
তামিলনাড়ুর রাজনীতিতে তার প্রভাব নতুন কিছু নয়। রাধন পণ্ডিত জনসমক্ষেই দাবি করেছেন, তিনি সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার আধ্যাত্মিক গুরু হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বলা হয়ে থাকে যে, জয়ললিতার শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এই জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেওয়া হতো। তবে আয়বহির্ভূত সম্পদ মামলায় জয়ললিতার জেল হবে না বলে রাধন পণ্ডিত যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা ভুল প্রমাণিত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল।
সূত্র: উইয়ন নিউজ



