সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে ধারাবাহিকভাবে ‘বাজে মন্তব্য’ করার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কিশোর বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা।
প্রক্টরের বক্তব্য
প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘কিশোর ছেলেটি বিশ্ববিদ্যালয়ের পেজগুলোতে ঢুকে ক্রমাগতভাবে পোস্ট করছিল। প্রতিদিনই ১৫ থেকে ২০টি পোস্ট রয়েছে তার। ছাত্ররা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে এলে আমরা পুলিশে সোপর্দ করেছি। তার আইডি থেকে ছাত্রদলের নেতা ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে পোস্ট করা হয়েছে। বিভিন্ন গ্রুপে তার পেন্ডিং পোস্টের সংখ্যাই রয়েছে ১৭৭টি।’
ছাত্রদল নেতাদের অভিযোগ
ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে তাঁদের কয়েকজন বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় ওই কিশোরকে আটক করেন। পরে ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখান থেকে প্রক্টর তাকে পুলিশ হেফাজতে দেন।
ছাত্রদল সভাপতির মন্তব্য
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ছাত্রদলবিরোধী বিভিন্ন কুরুচিপূর্ণ মিথ্যা বয়ান পোস্ট করে যাচ্ছে। আমরা নিশ্চিত যে এই অপকর্মের পেছনে বিশ্ববিদ্যালয়ের কিছু সংগঠনের ইন্ধন রয়েছে।’
পুলিশের বক্তব্য
সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক অনুজ কুমার বলেন, ‘আমি যখন ডিউটিতে ছিলাম, তখন প্রক্টরিয়াল বডি থেকে কল দিলে আমি যাই। প্রক্টর বলেন যে ওই কিশোর বিএনপি, সরকার ও নারীবিদ্বেষী বিভিন্ন কিছু ফেসবুকে পোস্ট করে। মেয়েদের অশ্লীল ভাষায় গালাগাল করে। রাষ্ট্রদ্রোহী অভিযোগ তার বিরুদ্ধে। তাকে আপনার হাতে তুলে দিলাম। পরে আমি ওসি স্যারকে জানিয়ে থানায় নিয়ে আসি। এখন থানায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসেছেন তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য।’



