যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি উপশহরের সাবেক মেয়র চীনের একজন অনিবন্ধিত বিদেশি প্রতিনিধি হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। দেশটির বিচার বিভাগ সোমবার জানিয়েছে, আর্কেডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করেছেন। খবর আল-জাজিরার।
অবৈধ এজেন্ট হিসেবে কাজ
বিচার বিভাগ জানিয়েছে, বেইজিংপন্থি প্রচারণা চালানোর সময় চীনের পক্ষে কাজ করেছেন ওয়াং। বিষয়টি স্বীকার করেছেন তিনি। তবে, প্রচারণার বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারকে জানাননি ওয়াং।
৫৮ বছর বয়সী ওয়াং ‘ইউএস নিউজ সেন্টার’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করতেন, যা চীনা-আমেরিকানদের জন্য সংবাদ সরবরাহের দাবি করলেও সেখানে পিআরসি সমর্থিত কনটেন্ট প্রকাশ করা হতো।
সহযোগী ওয়াংয়ের কাজ
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, ওয়াং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে মিলে ওই সাইট পরিচালনা করতেন। ২০২৫ সালের অক্টোবর মাসে একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে দোষ স্বীকার করার পর সানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
প্রসিকিউটরদের মতে, ওয়াংয়ের কর্মকাণ্ডের মধ্যে ছিল চীনা কর্মকর্তাদের লেখা একটি প্রবন্ধ পুনঃপ্রকাশ করা। ওই প্রবন্ধে সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
পদত্যাগ ও শাস্তি
আর্কেডিয়া সিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং সোমবার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। এজেন্ট হিসেবে কাজ করার দায়ে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ওয়াংয়ের আইনজীবী ব্রায়ান এ. সান এবং জেসন লিয়াং বলেন, ‘তিনি তার ব্যক্তিগত জীবনে করা ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে চান।’



