পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর প্রশাসনিক রদবদল শুরু করেছে বিজেপি সরকার। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান মুখ্য নির্বাচনি কর্মকর্তা (সিইও) মনোজ আগরওয়ালকে। সোমবার এক সরকারি আদেশে এই নিয়োগের কথা জানানো হয়। কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
কে এই মনোজ আগরওয়াল?
পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯০ ব্যাচের এই আইএএস কর্মকর্তা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশিত এসআইআর প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন। ওই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল।
পুরনো মুখ্য সচিবের বদলি
সরকারি আদেশ অনুযায়ী, বর্তমান মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লির প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ১৯৯৩ ব্যাচের আইএএস কর্মকর্তা নারিয়ালাকে নির্বাচনের সময় নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে মুখ্য সচিবের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন।
নির্বাচনের ফলাফল
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি একাই ২০৭টি আসন জয় করেছে। অন্যদিকে, বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে।



