বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৯ মে (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধানসভা দলীয় নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির জ্যেষ্ঠ নেতারা।
অগ্নিমিত্রা-দিলীপসহ যারা জায়গা পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং অশোক কীর্তনীয়া। তাঁদের পাশাপাশি উত্তরবঙ্গের প্রভাবশালী মুখ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এছাড়াও রানীবাঁধ কেন্দ্রের বিধায়ক ও বিজেপি নেতা ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
পাক-ভারত সংঘাতে পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করলো চীন
গত বছর ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে সরাসরি কারিগরি সহায়তা দেওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে চীন। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি-তে দেওয়া সাক্ষাৎকারে চীনা প্রকৌশলীরা এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে।
মুসলিম লিগ ও ভিসিকে’র সমর্থন পাচ্ছেন বিজয়
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনও বাধা রইলো না অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের। শনিবার (৯ মে) বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর নিঃশর্ত সমর্থন পাওয়ার পর সরকার গঠনের পথ চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমেই গত চার দিন ধরে চলা চরম রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
রবিবার শপথ নিচ্ছেন থালাপতি বিজয়
অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন। আগামীকাল রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়।



