তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল এআইএডিএমকে-তে বড় ধরনের বিদ্রোহের খবর পাওয়া গেছে। দলটির সিনিয়র নেতা সি ভি শানমুগাম দল ভেঙে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ৩০ জনেরও বেশি এআইএডিএমকে বিধায়ক বর্তমানে শানমুগামকে সমর্থন দিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগামকে (টিভিকে) সমর্থন দেওয়ার পক্ষেও ঝুঁকছেন।
শনিবার বিধায়করা পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে আসার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এস পি ভেলুমানি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয়ভাস্করের মতো জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ধারণা করা হচ্ছে, এআইএডিএমকে-র অন্তত তিনজন বিধায়ক সরাসরি টিভিকে-তে যোগ দিতে পারেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে তামিলনাড়ুতে টিভিকে এবং এআইএডিএমকে-র একটি সম্ভাব্য জোট সরকার গঠনের গুঞ্জনও জোরালো হচ্ছে।
তবে এর আগে টিভিকেকে সমর্থনের বিষয়ে দলীয় বিধায়কদের অবস্থান নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল এআইএডিএমকে।



