পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সাথে এক বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) সকালে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সহযোগিতার জন্য ধন্যবাদ
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের সরকার ও জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা
বৈঠকে উভয় পক্ষ বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। তারা দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সম্পর্কের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থ এবং উন্নয়নের অগ্রাধিকারের ভিত্তিতে জনকল্যাণমুখী এই সহযোগিতাকে সবক্ষেত্রে আরও শক্তিশালী করতে চায় ভারত বলে জানান প্রণয় ভার্মা।
পররাষ্ট্রমন্ত্রীর শুভকামনা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্পর্কের উন্নয়নে হাইকমিশনারের বিশেষ অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে।



