চীন যেতে বাধা দেয়া হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুকে। রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং জার্মান নিউজ এজেন্সি ডিপিএ এর বাংলাদেশ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণ
নজরুল ইসলাম মিঠু নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ চীনে ভ্রমণের উদ্দেশ্যে বোর্ডিং পাস সংগ্রহের পর ইমিগ্রেশন কাউন্টারে আমাকে থামানো হয়। পরে ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আমার বিষয়ে যাচাই শুরু করেন।’
তিনি আরও জানান, পাসপোর্ট ও কাগজপত্র যাচাইয়ের পর তাকে ইমিগ্রেশন পুলিশের একজন এসপির অফিসে নেওয়া হয়। সেখানে তার পেশা, কর্মস্থল এবং কোনো মামলায় জড়িত আছেন কিনা—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদস্যরাও তার সঙ্গে কথা বলেন।
ক্লিয়ারেন্স না আসায় বাধা
নজরুল ইসলাম মিঠু বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষার পর আমাকে জানানো হয় যে পুলিশের দিক থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে ডিজিএফআই এর ক্লিয়ারেন্স না আসায় ভ্রমণে সাময়িক বাধা দেওয়া হতে পারে।’ তিনি অভিযোগ করেন, তাকে বিদেশে যেতে বাধা দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন।
প্রায় এক ঘণ্টার বেশি সময় বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে অপেক্ষার পর শেষ পর্যন্ত তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয় এবং তিনি যাত্রা বাতিল করে ফিরে যান। তিনি দাবি করেন, এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার চলাচলের স্বাধীনতা সংক্রান্ত অনুচ্ছেদের পরিপন্থি।
এ বিষয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।



