ঢাকায় ডিবির অভিযানে গ্রেফতার ৪ জঙ্গি, উদ্ধার অস্ত্র ও ড্রোন
ঢাকায় ডিবির অভিযানে গ্রেফতার ৪ জঙ্গি, উদ্ধার অস্ত্র-ড্রোন

রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গুপ্ত হামলার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে গোয়েন্দারা।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে ডিবি রমনা বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।

ডিবির বক্তব্য

বুধবার (২৯ এপ্রিল) ডিবি রমনা বিভাগের ডিসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানের বিবরণ

ডিবি জানায়, কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে সোমবার দিবাগতে রাতে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার ভোরে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একই দিন দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জাম

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন-সংক্রান্ত সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

জঙ্গি সংযোগ

ডিবি সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ