পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রী রানী ইয়ান ইয়ানকে সতর্ক করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গত ৬ এপ্রিল জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই সতর্কতা প্রদান করা হয়। ইয়ান ইয়ান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রী।
চিঠির বিবরণ
রাঙ্গামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারিকৃত ওই চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার একটি চিঠির সূত্র ধরে গোয়েন্দা প্রতিবেদনে জানা যায় ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগঠনকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গেও জড়িত।
পরিস্থিতির সংবেদনশীলতা
চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের কার্যকলাপ এই অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই পরিস্থিতিতে, ভবিষ্যতে এ ধরনের কোনও বক্তব্য দেওয়ার বা কার্যক্রম পরিচালনার সময় দেশের প্রচলিত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে।
ডিসির বক্তব্য
ডিসি নাজমা আশরাফী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশেই তিনি এই চিঠি পাঠিয়েছেন, চিঠির রেফারেন্সে যার উল্লেখ রয়েছে। তিনি বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি।
ইয়ান ইয়ানের জবাব
এদিকে গত শনিবার ইয়ান ইয়ান তার আইনজীবী সারা হোসেনের মাধ্যমে এই চিঠির লিখিত জবাব দিয়েছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার যে অভিযোগ উঠেছে, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। চিঠির জবাবে তিনি এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং একই সঙ্গে চিঠিটি অবিলম্বে প্রত্যাহার বা বাতিলের আহ্বান জানিয়েছেন।



