নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
বিমানবন্দরের রানওয়েতে যুবক, শাহজালালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ার অভিযোগে জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ওই যুবক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে কোনও বাধা ছাড়াই রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই ঘটনা শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাঁচ দশকের বেশি সময় পর মঙ্গলবার (২৮ এপ্রিল) এই আকস্মিক সিদ্ধান্ত জোটটির কার্যত নেতৃত্বদানকারী দেশ সৌদি আরবের জন্য বড় ধরনের আঘাত। ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন এক নজিরবিহীন জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমিরাতের এই সিদ্ধান্ত তেল রফতানিকারক দেশগুলোর গ্রুপটিকে দুর্বল করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে?
২০২৪ সালের জুলাইয়ের কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এই পুরো সময়জুড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন তারা সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যারাকে ফেরার জন্য।
‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে’
‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে’ জানিয়ে জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। এখনও নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। সরকারি গেজেটও হয়েছে কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি।”
বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: ‘আমাকে জড়াবেন না’
অভিনেত্রী পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়ের গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই চিত্রনায়িকা। রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনও সংশ্লিষ্টতা নেই।”



