প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রদান করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
সীমান্ত হত্যা শূন্যে আনার লক্ষ্য
উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হবে। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অপরাধী গ্রেফতারে ৭০০ শতাংশ বৃদ্ধি
গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেফতারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। মাদক ও চোরাচালান পণ্য জব্দ অভিযানের সফলতা ৪০ শতাংশ বেড়েছে।
জাতীয় সম্পদ রক্ষায় সাফল্য
উপদেষ্টা আরও জানান, জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল) পাচার রোধে সক্ষম হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি সাফল্য। মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইনি প্রয়োগের ফলে এ খাতে ২৫ শতাংশ ইতিবাচক উন্নতি হয়েছে।
সরকারের কঠোর নীতি ও বিজিবির কার্যকর পদক্ষেপের ফলে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।



