বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৭ এপ্রিল (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। নেতানিয়াহুকে ক্ষমার আগে ‘সমঝোতা’ চান ইসরায়েলি প্রেসিডেন্ট; হরমুজ ও যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে নতুন প্রস্তাব দিলো ইরান; লিমন-বৃষ্টি হত্যা: প্রসিকিউটররা আদালতকে যা বললেন; ইরান-মার্কিন শান্তি আলোচনার অচলাবস্থায় ক্ষতি কার?; বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের নতুন রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র— এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
নেতানিয়াহুকে ক্ষমার আগে ‘সমঝোতা’ চান ইসরায়েলি প্রেসিডেন্ট
দুর্নীতি ও ঘুষের মামলায় বেশ বোগাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দীর্ঘদিন ধরে দুর্নীতি মামলায় লড়ে যাচ্ছেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। মামলা থেকে রক্ষা পেতে প্রেসিডেন্ট বরাবর আবেদনও করেছেন। তবে, দায়মুক্তির আগে নেতানিয়াহুকে নিজের দোষ স্বীকার করতে হবে। আর সমঝোতা করলেই তাকে ক্ষমা করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
হরমুজ ও যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে নতুন প্রস্তাব দিলো ইরান
হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে রবিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ প্রস্তাবে পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রেখে বৈঠক পরবর্তী পর্যায়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
লিমন-বৃষ্টি হত্যা: প্রসিকিউটররা আদালতকে যা বললেন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন প্রসিকিউটররা। লিমনের মরদেহ টাম্পা বে ব্রিজ থেকে উদ্ধারের পর রবিবার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে এ সংক্রান্ত নতুন তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, ২৭ বছর বয়সী লিমনকে ‘একাধিক ধারালো অস্ত্রের আঘাতে’ হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, লিমনের দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে যা তার পিঠের নিচের অংশ থেকে লিভার ভেদ করেছিল।
ইরান-মার্কিন শান্তি আলোচনার অচলাবস্থায় ক্ষতি কার?
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনার পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে। দুই দেশই এখন এমন এক অদ্ভুত পরিস্থিতিতে আটকা পড়েছে, যেখানে শান্তিও অর্জিত হয়নি, আবার সরাসরি যুদ্ধও নেই। এই অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে এবং উভয় দেশই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ইরান আত্মবিশ্বাসী যে তারা যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক যন্ত্রণা প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি সময় ধরে সহ্য করতে পারবে। কিন্তু একই সঙ্গে তেহরান শঙ্কিত যে আলোচনার গতি হারিয়ে ফেলায় তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি আক্রমণের স্থায়ী হুমকির মধ্যে আটকা পড়ে যেতে পারে।
বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের নতুন রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় রেকর্ড ২.৮৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর সোমবার প্রকাশিত নতুন এক প্রতিবেদন অনুযায়ী, টানা ১১তম বছরের মতো সামরিক ব্যয় বৃদ্ধির এই ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জিডিপির অনুপাতে সামরিক ব্যয়ের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশে, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সামরিক ব্যয় প্রকৃত অর্থে ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে আগের বছরের ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির তুলনায় এই হার কিছুটা ধীরগতির।



