যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে, যার ফলে দেশটি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি খরচ বহন করতে পারবে। জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়ার পর মাদুরো নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে ফেডারেল আদালতে বিচারাধীন রয়েছেন।
মামলা খারিজের আবেদন
মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক ফেব্রুয়ারিতে ম্যানহাটনের মার্কিন জেলা বিচারক অ্যালভিন হেলারস্টাইনের কাছে মামলাটি খারিজের আবেদন করেন। তার দাবি ছিল, কারাকাস সরকারকে আইনি খরচ পরিশোধে বাধা দেওয়া মাদুরোর নিজের পছন্দের আইনজীবী নেওয়ার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে।
মার্কিন বিচার বিভাগের অবস্থান
পরে আদালতে দাখিল করা নথিতে মার্কিন বিচার বিভাগ জানায়, নিষেধাজ্ঞা সংশোধনের মাধ্যমে ভেনেজুয়েলা সরকারকে প্রতিরক্ষা আইনজীবীর ফি পরিশোধের অনুমতি দেওয়া হবে। এতে মামলাটি খারিজের আবেদন 'অপ্রাসঙ্গিক' হয়ে গেছে বলে উল্লেখ করা হয়।
আইনি বিতর্ক
এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাদুরোর সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে অবস্থান এবং তাকে যেভাবে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে, তা নিয়ে নতুন করে আইনি বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে আনার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
ট্রাম্প প্রশাসনের বক্তব্য
অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, এটি ছিল বৈধ আইন প্রয়োগের অভিযান। তাদের মতে, বিতর্কিত নির্বাচনের পর ওয়াশিংটন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না।
আটক অবস্থা
বর্তমানে ব্রুকলিনে আটক মাদুরো ও ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। মাদুরো অভিযোগগুলোকে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করেছেন।
শুনানি
২৬ মার্চের এক শুনানিতে বিচারক হেলারস্টাইন মামলাটি খারিজের ইঙ্গিত না দিলেও প্রশ্ন তোলেন—মাদুরোর আইনি খরচ বহনে ভেনেজুয়েলা সরকারকে বাধা দেওয়া কি তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন কিনা? যুক্তরাষ্ট্রে সব ফৌজদারি আসামিরই সাংবিধানিক অধিকার রয়েছে, তারা নাগরিক হোক বা না হোক।
প্রসিকিউটররা যুক্তি দেন, নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে এবং পররাষ্ট্রনীতি দেখভাল করে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ নয়। তারা আরও বলেন, মাদুরো ও ফ্লোরেস নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যবহার করে আইনজীবী নিয়োগ করতে পারেন।
বিচারক হেলারস্টাইন বলেন, 'আসামি এখানে, ফ্লোরেসও এখানে। তারা আর কোনো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়।' তিনি আরও বলেন, 'যে অধিকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো সাংবিধানিকভাবে আইনজীবী পাওয়া।'
সূত্র: আল জাজিরা



