নৈশভোজে গুলি, নিরাপদ আছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি নিরাপদ আছেন বলে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
ঘটনার বিবরণ
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
ট্রাম্পের নিরাপত্তা
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিরাপদ স্থানে আছেন এবং কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত প্রেসিডেন্টকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।
শুটার গ্রেপ্তার
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুটারকে আটক করা হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ডিসিতে (ওয়াশিংটন ডিসি) বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। শুটারকে আটক করা হয়েছে এবং আমি বলেছি যে আমরা ‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’।’
তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।’



