যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসেই পাকিস্তান ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে আরাগচি পুনরায় পাকিস্তানে ফিরতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। খবর আল-জাজিরার।
প্রতিনিধি দলের অংশ তেহরানে ফিরেছে
ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ বর্তমানে পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন। চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসন এবং পরবর্তী করণীয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণের জন্য তারা দেশে ফিরেছেন। তবে ওমান সফর শেষে আরাগচি পুনরায় পাকিস্তানে ফিরলে রবিবার রাতে প্রতিনিধি দলটি আবার ইসলামাবাদে তার সঙ্গে যোগ দিতে পারে।
আরাগচির পরবর্তী গন্তব্য ওমান ও রাশিয়া
ইসলামাবাদ ছাড়ার পর আব্বাস আরাগচির পরবর্তী গন্তব্য ওমান। সেখান থেকে পুনরায় পাকিস্তানে ফেরার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যস্থতার জন্য ওমান ও রাশিয়ার দ্বারস্থ হওয়া তেহরানের কৌশলগত কূটনীতির অংশ।
পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক
এর আগে ইসলামাবাদে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন আরাগচি। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট সমাধান বা বড় ধরনের অগ্রগতি ছাড়াই তিনি পাকিস্তান ত্যাগ করেন।
মার্কিন দূতদের সফর বাতিল
অপরদিকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সম্ভাবনা যখন ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই মার্কিন দুই বিশেষ দূতের পাকিস্তান সফর বাতিলের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।



