ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্পের বক্তব্য
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’ সফর বাতিলের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে এবং প্রচুর কাজ পড়ে আছে। এছাড়াও ইরানের ‘নেতৃত্বের’ মধ্যে চরম অন্তর্কোন্দল ও বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবেন না।’
হোয়াইট হাউসের ঘোষণা
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।’
ইরানের অস্বীকৃতি
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে বলে লেভিট দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে। তারা বলেছে, আপাতত তাদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদ আসেন। তারা শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক করে ইসলামাবাদ ত্যাগ করেন। বৈঠকে তারা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের নীতিগত অবস্থান ও আপত্তি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা ও ফক্স নিউজ।



