বৈশ্বিক রাজনীতিতে নতুন মেঘ: ইরান-মার্কিন ইচ্ছাশক্তির লড়াই
বৈশ্বিক রাজনীতিতে নতুন মেঘ: ইরান-মার্কিন ইচ্ছাশক্তির লড়াই

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৪ এপ্রিল (শুক্রবার) প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন ‘ইচ্ছাশক্তির লড়াই’; মার্কিন সামরিক প্রশাসনে রদবদল, পদ হারাচ্ছেন শীর্ষ কর্মকর্তারা; ভারতকে ‘হেলহোল’ বলে ট্রাম্পের মন্তব্য, ক্ষোভ প্রকাশ দিল্লির; প্রোস্টেট টিউমারের চিকিৎসা নিয়েছিলেন নেতানিয়াহু; হরমুজ অভিযানে যাওয়ার পথে বানরের আক্রমণে আহত মার্কিন নাবিক— এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন ‘ইচ্ছাশক্তির লড়াই’

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কেবল বোমাবর্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে এক চরম অস্থির ও ব্যয়বহুল ইচ্ছাশক্তির লড়াইয়ে। ৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থাই এখন দুই দেশের সম্পর্কের মূল চালিকাশক্তি। যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলেও, কোনও পক্ষই তাদের অবস্থানে ছাড় দিতে রাজি নয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

মার্কিন সামরিক প্রশাসনে রদবদল, পদ হারাচ্ছেন শীর্ষ কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চলছে বড় ধরনের রদবদল। সম্প্রতি একের পর এক শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার কোনও ধরনের ব্যাখ্যা ছাড়াই মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলানকে তার পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের এই ‘রদবদল’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক কী ঘটছে মার্কিন সামরিক নেতৃত্বে? এই পরিবর্তনের পেছনে কারণই বা কী?

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতকে ‘হেলহোল’ বলে ট্রাম্পের মন্তব্য, ক্ষোভ প্রকাশ দিল্লির

ভারতকে ‘হেলহোল’ (নরকতুল্য) বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে এই মন্তব্যকে ‘অনুপযুক্ত’ ও ‘অজ্ঞাতপ্রসূত’ বলে অভিহিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) জন্ম নেওয়া একটি শিশু তাৎক্ষণিক নাগরিক হয়ে যায়, আর এরপর তারা চীন বা ভারত বা এই গ্রহের অন্য কোনও হেলহোল (নরকতুল্য) থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্রোস্টেট টিউমারের চিকিৎসা নিয়েছিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো জানিয়েছেন যে, তিনি ম্যালিগন্যান্ট প্রোস্টেট টিউমারের চিকিৎসা নিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে তার অস্ত্রোপচার হয়েছিল। নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বিবৃতিতে তিনি এ তথ্য জানান। ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার স্বাস্থ্য এখন ভালো এবং শারীরিক ফিটনেস পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে।

হরমুজ অভিযানে যাওয়ার পথে বানরের আক্রমণে আহত মার্কিন নাবিক

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের উদ্দেশ্যে যাত্রা করা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের নাবিক থাইল্যান্ডে এক বানরের আক্রমণে আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে জাপানে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস চিফ নামক মাইন অপসারণকারী জাহাজের ওই ইলেকট্রনিক্স টেকনিশিয়ান থাইল্যান্ডের ফুকেট ভ্রমণে গিয়ে একটি এশীয় বানরের দ্বারা আক্রান্ত হন। যদিও কোন প্রজাতির বানর এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে থাইল্যান্ডে ম্যাকাক প্রজাতির বানর প্রচুর এবং তারা বেশ আক্রমণাত্মক হয়।