ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। মমতার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, একজন নেতা একটা কথা বলেছে, সেটি আমাদের আলোচনার বিষয় নয়। এখন যদি ভারত সরকার বাংলাদেশকে হাদী হত্যার বিষয়ে কিছু বলে, অবশ্যই আমরা দেখবো। ইতিমধ্যে এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে আমাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।
হাদী হত্যার বিচার প্রক্রিয়া
তিনি বলেন, হাদী হত্যার বিচার আমরা চাই এবং যারা ধরা পড়েছে ভারতে তাদের ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে। দ্রুত করতে হবে। সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। এখন ভারতে একটি নির্বাচন হয়েছে, পাশের দেশে সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন নিজেদের সরকারকে উদ্দেশ্য করে। সেটা নিয়ে এখানে বাংলাদেশে মন্তব্য করা উচিত হবে বলে মনে করি না।
কিন্তু আমরা হাদী হত্যার বিষয়ে সরাসরি ভারত সরকারের সঙ্গে কথা বলবো। কারণ এই অপরাধীদের ফেরত আনতে হলে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ফেরত আনতে হবে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি, খুবই সিরিয়াসলি। এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে, সুতরাং আমরা ওইদিকে আগাতে চাই।



