ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা মূলত একটি 'বিশ্বাস সংকটে' ভুগছে। ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা
আরাগচি বলেন, 'যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার সব কারণই ইরানের আছে। কিন্তু আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আমেরিকানদের রয়েছে।' তিনি উল্লেখ করেন, দুই দেশের চলমান আলোচনা মূলত 'বিশ্বাস সংকটে' ভুগছে।
ইরানের দাবি
সংবাদ সম্মেলনে আরাগচি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দেয়। তিনি বলেন, 'আমরা আমেরিকানদের বিশ্বাস করি না। এটিই যেকোনো কূটনৈতিক প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা।'
যুদ্ধবিরতি ও কূটনীতি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তেজনা ও বৈরিতার মধ্যেও বর্তমানে একটি 'নড়বড়ে' যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কারণ ইরান কূটনীতিকে একটি সুযোগ দিতে চায়। তার মতে, ইরান-সংক্রান্ত কোনো সমস্যারই সামরিক সমাধান নেই।
আরাগচি বলেন, 'তারা বারবার আমাদের পরীক্ষা করেছে। আমরা কখনো চাপ বা হুমকির কাছে মাথা নত করিনি। নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। ইরানের জনগণ শুধু সম্মানের ভাষারই জবাব দেয়।'
ভারতের ভূমিকা
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে নয়াদিল্লি আরও বড় ভূমিকা রাখতে পারে। তার ভাষায়, 'ভারতের যেকোনো গঠনমূলক ভূমিকাকেই আমরা স্বাগত জানাব।'



