জাতীয় সংসদে অর্থবিল, ২০২৬-এর ওপর সংশোধনী প্রস্তাবের ভোটাভুটির সময় টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটদানে বিরত থাকতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৯ জুন) সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলেন।
স্পিকারের নির্দেশনা
সংশোধনী প্রস্তাবে ভোটগ্রহণের সময় আমিনুল হকের অংশগ্রহণের বিষয়টি নজরে এলে স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।’
ভোটদান থেকে বিরত
স্পিকারের এ বক্তব্যের পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা সৃষ্টি হয়। আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী, তিনি সংসদ সদস্য নন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারলেও ভোট দিতে পারেন না।



