এনসিপির সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত 'অপ্রচলিত' সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে প্রচলিত কাঠামোয় ফিরছে। প্রতিষ্ঠার দেড় বছরের মাথায় এই পরিবর্তন আসছে। দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন জুলাই মাসের শুরুতেই কেন্দ্রীয় পর্যায়ে এই পরিবর্তন কার্যকর হবে। পুনর্গঠিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে, এরপর আগামী বছরের শুরুর দিকে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল বা সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
'সুপার ইলেভেন' বাদ দিয়ে 'সুপার সিক্স'
এনসিপির বিদ্যমান কাঠামোতে ১১টি শীর্ষ পদ ছিল—আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সমন্বয়ক, দুই মুখ্য সংগঠক, মুখপাত্র, দুই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, দুই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক—যা 'সুপার ইলেভেন' নামে পরিচিত। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই ১১ পদের পরিবর্তে শীর্ষ নেতৃত্বে থাকবেন ছয়জন, অর্থাৎ 'সুপার সিক্স'।
এনসিপির রাজনৈতিক পর্ষদের তিন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কাঠামোতে থাকবে আহ্বায়ক, সদস্যসচিব, দুই জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দুই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। আহ্বায়ক পদে বহাল থাকবেন নাহিদ ইসলাম, সদস্যসচিব পদে আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হতে পারেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রাজনৈতিক পর্ষদের বাকি সদস্যদের দায়িত্ব
দলীয় সূত্র জানিয়েছে, রাজনৈতিক পর্ষদের অন্য ১২ জন সদস্যকে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব পদে দেখা যাবে। প্রত্যেকের আলাদা বিষয়ভিত্তিক দায়িত্ব থাকবে—কেউ জোট রাজনীতি, কেউ সাংগঠনিক কার্যক্রম, কেউ সাংগঠনিক শৃঙ্খলা, আবার কেউ দপ্তর সামলাবেন। এ ছাড়া কেউ পেশাজীবী সংগঠন, কেউ ছাত্রসংগঠন দেখভাল করবেন। কারও দায়িত্ব থাকবে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। এ বিষয়ে দলে আলোচনা চলছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সম্পাদকীয় ও সহসম্পাদকীয় বেশ কিছু নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হচ্ছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
পরিবর্তনের কারণ ও সময়সীমা
দলটির শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, বর্তমান কাঠামোতে কাজ করতে গিয়ে 'আমলাতান্ত্রিক জটিলতা' তৈরি হচ্ছিল, যা দলের অনেকে বলছিলেন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, 'আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এনসিপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তত দিন পর্যন্ত পুনর্গঠিত কমিটিই দলের দায়িত্ব পালন করবে।' তিনি আরও জানান, আসন্ন জুলাইয়ের প্রথম সপ্তাহেই নতুন কাঠামো চূড়ান্ত হবে।



