সড়ক পরিবহণ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল আগস্ট মাস থেকে শুরু হবে। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
নতুন রুটে ট্রেন চালু
মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন ট্রেন চলাচল শুরু হবে। প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং দ্রুত কোচ আসছে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর
পাবনার কাজিরহাটে ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি পাবনাবাসীর দাবি এবং এখানে জনস্বার্থ রয়েছে। বর্তমান সরকার দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
পরিবহন খাতে শৃঙ্খলা
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা আনা হবে। কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে জনস্বার্থ ও জন-আকাঙ্ক্ষা। খুব দ্রুত দেশে আন্তর্জাতিক মানের 'মাল্টি-মোডাল' যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশুসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



