নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৬ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক?
দেশে আবারও জঙ্গি তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠছে কিনা—এমন প্রশ্ন এখন জনমনে। পুলিশ সদর দফতর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা জানিয়ে সতর্কতামূলক চিঠি পাঠানোর পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন বড় ধরনের হামলা না ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি; বরং নীরবে সংগঠিত হয়ে বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবার। এসময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
‘গুলির শব্দে’ ডিনার ভণ্ডুল, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।
ঢাকায় বাড়ছে নতুন ‘মেহমান’
জীবন ধারণের জন্য জীবিকা অপরিহার্য। এই জীবিকার খোঁজেই মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, গ্রাম থেকে শহর, এমনকি দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমায়। নতুন জীবনের সন্ধানে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ঢাকায় আসেন। তবে সম্প্রতি এই সংখ্যা আরও বেড়েছে। ফলে রাজধানীর জনঘনত্ব বাড়ছে এবং স্বাস্থ্য, বাসস্থানসহ নাগরিক সেবার ওপর বাড়ছে চাপ। এতে ঢাকাকে ‘মৃতপ্রায়’ বা ‘ডেড সিটি’ হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
বিএনপি নেতার হাতে জুতাপেটার শিকার সেই নারী শিক্ষককে বরখাস্ত
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার হাতে জুতাপেটার শিকার নারী শিক্ষক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন করে এ নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক মোহা. আসাদুজ্জামান। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আলেয়া খাতুন ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে এ ঘটনার ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বজ্রাঘাতে একদিনে ৮ জনের মৃত্যু
বৃষ্টির মধ্যে চার জেলায় বজ্রাঘাতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় চার জন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন ও পঞ্চগড়ে একজন।



