সংসদে নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা নিজের নিরাপত্তা চেয়েছেন। তিনি স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আবেদন জানান। রোববার (২৬ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
মাছুম মোস্তফা বলেন, গত ২৪ এপ্রিল তিনি তার নির্বাচনি এলাকায় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম শেষ করে ফেরার পথে একটি ফিলিং স্টেশনে প্রচুর গাড়ির ভিড় দেখতে পান। তিনি সেখানে গাড়ি দাঁড় করিয়ে খোঁজখবর নেন। এরপর গাড়ি রেখে নামাজ পড়তে যান। এমন সময় তার লোকজনের ওপর বিএনপির কিছু লোক হামলা চালায় এবং তাদের শারীরিকভাবে নির্যাতন করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে খুঁজে বের করার চেষ্টা করে। তিনি যে মসজিদে ছিলেন, সেখানে গিয়ে মুসল্লিরা দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা বিভিন্ন অস্ত্র দিয়ে দরজা ভাঙতে থাকে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এই সংসদ সদস্য জানান, হামলাকারীরা তাকে মারার হুমকি দেয় এবং পেশাদার কিলার আনা হয়েছিল বলে তিনি শুনতে পান। তিনি স্পিকারের কাছে নিজের, পরিবারের, নেতাকর্মী ও জনগণের নিরাপত্তা চান।



