নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার
নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তাঁর বাবা মৃত্যুর আগে উপদেশ দিয়ে গেছেন যে রাজনীতি করলে কখনো দুর্নীতি করা যাবে না। তিনি সেই নীতিতে অটল থাকবেন এবং নিজে দুর্নীতি করবেন না, কাউকে করতেও দেবেন না।

খাল খনন কাজ পরিদর্শন

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের আওতায় প্রায় ২ হাজার ৪০০ মিটার খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতির সুযোগ নেই, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কাজের পূর্বশর্ত হলো শতভাগ বাস্তবায়ন। কেউ অবহেলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপজেলা প্রশাসনের ভূমিকা

তিনি বলেন, ডাক্তার যেমন রোগ নির্ণয় করে চিকিৎসা দেন, তেমনি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এই এলাকার ‘ডাক্তার’। আর তিনি নিজে সেবক হিসেবে কাজ করেন। প্রশাসন সঠিকভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব।

কর্মকর্তাদের প্রতি নির্দেশনা

কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, দেশের স্বার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। যারা তা করতে পারবেন না, তারা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তিনি নিজেও দীর্ঘদিন ধরে এ নীতি অনুসরণ করে আসছেন।

উপস্থিত কর্মকর্তারা

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার একটি বৃক্ষরোপণ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ