পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল আজ, গণনা শুরু
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল আজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল আজ সোমবার (৪ মে) প্রকাশ করা হবে। এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান ও টানা তিনবারের মুখ্যমন্ত্রী ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা ধরে রাখতে পারছেন, নাকি এই প্রথম কোনও গুরুত্বপূর্ণ পূর্ব ভারতীয় রাজ্যে ক্ষমতা নিজেদের হাতে নিতে চলেছে বিজেপি।

ভোট গণনা শুরু

সোমবার (৪ মে) সকাল থেকে পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম-এর ভোটগণনা শুরু হয়। ভোট গণনা ও চূড়ান্ত ফলাফলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শহরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া প্রহরা রয়েছে। বিভিন্ন গণনাকেন্দ্রের বাইরে ১৬৩ ধারা জারি রয়েছে। ভোর ৫টা থেকে যত ক্ষণ গণনা চলবে, তত ক্ষণ ১৬৩ ধারা জারি থাকবে।

বুথফেরত সমীক্ষা

গত ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর থেকেই বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাই বিজেপির জয়ের সম্ভাবনার কথা বলছে; অনেকগুলো সমীক্ষা অনুযায়ী, ১৫০ থেকে ২০০-র বেশি আসন নিয়ে বিজেপি সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। তবে কোনো কোনো সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকেও সুবিধাজনক অবস্থানে থাকতে দেখা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও পুনরায় ভোট

এদিকে বনগাঁর স্বরূপনগরে গণনাকেন্দ্রে প্রার্থী এবং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন ২৩ ও ২৯ এপ্রিল, এই দুই দফায় সম্পন্ন হয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ ওঠায়, নির্বাচন কমিশন সেখানকার ভোট বাতিল ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ এবং ২৪ মে ফলাফল ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে সোমবার ফলতা কেন্দ্র বাদে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ