দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ, পরীক্ষা অনিয়মের প্রতিবাদ
দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ, পরীক্ষা অনিয়মের প্রতিবাদ

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইনভিত্তিক যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে পুলিশের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরে তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি পৌঁছে গেছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে।’ তিনি পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বানও জানান।

পরীক্ষা অনিয়মের অভিযোগ

সিজেপির দাবি, নিট-ইউজি ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্নফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সংগঠনটি। সমাজকর্মী সোনম ওয়াংচুক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, দিপকেকে গ্রেপ্তার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন করবেন। অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা জোরদার

দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সিজেপিও সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক মাধ্যমে আলোচনায় আসার পর যন্তর মন্তরের এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় মাঠপর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অনলাইনে তাদের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।