বরগুনার তালতলীতে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করেছেন আরেক ইউপি সদস্য। বৃহস্পতিবার (২৫ জুন) বরগুনার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন একই ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ।
আদালতের নির্দেশ ও আসামি
আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়কে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফজলুল হক বাচ্চু।
অভিযোগের বিবরণ
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নের জন্য চার মাসে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিতভাবে ওই চাল পরিবহন ও বিতরণের দায়িত্ব ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুকে দেন।
অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল ৭৬৫টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ৮০ কেজি করে মোট ৬১ টন চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ টন চাল বিতরণ না করে আত্মসাৎ করা হয়।
আইনি প্রক্রিয়া
এজাহারে আরও বলা হয়েছে, এ বিষয়ে গত ২২ এপ্রিল জেলা প্রশাসক, দুদক চেয়ারম্যান এবং দুদকের বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আইনজীবীদের বক্তব্য
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, 'জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।'
এ বিষয়ে বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, 'আদালত মামলাটি গ্রহণ করে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন।'



