ক্রেতা সেজে লাইব্রেরি থেকে ২ লাখ টাকা ও ৮ মোবাইল চুরি
ক্রেতা সেজে লাইব্রেরি থেকে ২ লাখ টাকা ও ৮ মোবাইল চুরি

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্রেতা সেজে একটি লাইব্রেরিতে ঢুকে নগদ ২ লাখ টাকা ও ৮টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজারস্থ ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আহমদ শফি বাঁশখালী ছনুয়া ৭নং ওয়ার্ড খুদুকখালী এলাকার মৃত হাছন আহমদের ছেলে। তিনি জানান, প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকান খুলে বসেন। এ সময় তিনজন অপরিচিত ব্যক্তি দোকানে এসে বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে চান। তাদের একজন ফটোকপির কাজ করতে বললে তিনি ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে বাসা থেকে আনা ব্যবসার মূলধন হিসেবে রাখা নগদ ২ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং আরও ৮টি মোবাইল সেট থাকা ব্যাগটি ক্যাশের নিচ থেকে কৌশলে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

ভুক্তভোগীর বক্তব্য

শফি বলেন, ঘটনার পরপরই তাদের খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। লাইব্রেরির পাশাপাশি তিনি বিকাশ এজেন্টের ব্যবসাও পরিচালনা করেন। চুরি হওয়া টাকাই ছিল তার ব্যবসার মূলধন। এতে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ